
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বটতৈলপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১ মার্চ) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষকে কেন্দ্র করে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বটতৈল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল হান্নান ও একই ইউনিয়নের সাবেক সদস্য সাইফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার রাতে বড়িয়া ভাদালিয়াপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে শওকত মন্ডল গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যায় শওকত মন্ডল বাড়ির পাশে একটি চায়ের দোকানে অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এদিকে একটি পক্ষ ঘটনাটিকে বিএনপি–জামায়াতের সংঘর্ষ হিসেবে প্রচারের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী অভিযান চালায়। ঘটনাস্থল থেকে একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। আটক আতঙ্কে বর্তমানে এলাকায় পুরুষশূন্য অবস্থা বিরাজ করছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “হান্নান ও সাইফুলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগেও তাদের মধ্যে মারামারি হয়েছে এবং মীমাংসার চেষ্টা করা হয়েছে। শনিবার রাতে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন আহত হয়েছেন এবং কিছু বাড়িঘরে ভাঙচুর হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বড় হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”