Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    কুষ্টিয়া-এ রাতের আঁধারে একটি কলা বাগানের শত শত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক রবিউল ইসলাম। এ ঘটনায় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-য় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন চরপাড়া মাঠ এলাকায় শনিবার (৭ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা একটি কলা বাগানের প্রায় ৫০০টি গাছ কেটে ফেলে। এতে কৃষক রবিউল ইসলামের প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

    ভুক্তভোগী রবিউল ইসলাম (৪৭) হাতিয়া আব্দালপুর চরপাড়া এলাকার আমিরুল মন্ডলের ছেলে। তিনি জানান, চরপাড়া মাঠে প্রায় ২ বিঘা জমির ওপর তার দুটি কলা বাগান ছিল। সেখানে প্রায় ৫০০টি কলাগাছ লাগানো ছিল।

    তিনি অভিযোগ করে বলেন, গত ৭ মার্চ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা তার বাগানের সবগুলো কলাগাছ কেটে ফেলে। পরে ৮ মার্চ সকাল আনুমানিক ৭টার দিকে জমিতে গিয়ে তিনি দেখেন, বাগানের সব কলাগাছ কাটা অবস্থায় পড়ে আছে। এতে তার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় অনেকেই ঘটনাটি সম্পর্কে অবগত আছেন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তাদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগী রবিউল ইসলাম ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    রবিউল ইসলাম বলেন, “আমার আয়ের একমাত্র অবলম্বন ছিল এই কলাবাগান। সেটি কেটে আমাকে পথে বসিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে তেমন কারও কোনো শত্রুতা নেই।”

    এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Spread the love