
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মোছাঃ সুরাইয়া বিলকিছ। তিনি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর চেয়ারম্যান এবং আমানাহ্ এগ্রো ও গাজী ফিলিং স্টেশন-এর প্রোপাইটর। বুধবার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়-এর আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ সেখ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সমাজে উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মহীয়সী নারী সুরাইয়া বিলকিছকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন বলেন, সুরাইয়া বিলকিছের দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা ও মানবকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তার প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে, যা সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি আরও বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে সুরাইয়া বিলকিছ প্রমাণ করেছেন—নারীরা শুধু পরিবার নয়, সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার নেতৃত্বে গড়ে উঠেছে একাধিক শিল্পপ্রতিষ্ঠান, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে।
অনুষ্ঠানে দানবীর আলাউদ্দিন আহমেদ উপস্থিত থেকে মানবকল্যাণমূলক কাজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় ধর্ম; সামর্থ্য অনুযায়ী দান ও সেবামূলক কাজে এগিয়ে আসা উচিত।
সম্মাননা গ্রহণ শেষে সুরাইয়া বিলকিছ বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। নিরবে-নিভৃতে ভালো কাজ করতে চাই। চেষ্টা ও নিষ্ঠা থাকলে সফলতা অর্জন সম্ভব।” তিনি তরুণ প্রজন্মকে সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুভঙ্কর ভট্টাচার্য্য। এসময় শিশু পুনর্বাসন কেন্দ্রের ছেলেমেয়েরা উপস্থিত ছিল।
শেষে সুরাইয়া বিলকিছের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।