Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদকঃ

শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৬৬ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে ৪০ জন শিক্ষার্থীর মাঝে দুই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) স্কুলের হলরুমে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য এ অর্থ তুলে দেওয়া হয়।

কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৬৬ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থী শরফুদ্দিন আহমেদ, মমিনুল আজম, আবু ফাতেহ, আবুল হাশেম ও আশরাফ উদ্দিন নজুর অর্থায়নে প্রতিবছরের মতো এবারও এ কর্মসূচির আয়োজন করা হয়। দীর্ঘ ১০ বছর ধরে তাঁরা নিজেদের উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছেন। শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের জন্য স্কুলের পোশাকও তৈরি করে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার বিশিষ্ট সমাজসেবক ও ১৯৬৬ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থী হাজী আশরাফ উদ্দিন নজু। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই ব্যাচের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. আবুল হাশেম।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোল্লা মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নার্গিস পারভীন।

এ বছর বিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়। তবে আয়োজকদের দেওয়া হিসাব অনুযায়ী মোট অর্থের পরিমাণ দুই লাখ টাকা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ কেবল আর্থিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি সাবেক শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ। তাঁরা আশা প্রকাশ করেন, কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষার্থীরা আগামী দিনে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের কাছে তাঁদের প্রত্যাশা শুধু ভালো ফলাফল নয়, জীবনে প্রতিষ্ঠিত হয়ে ভালো মানুষ হওয়া। একদিন তোমরাও বড় হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে এবং আমাদের মতো অন্যদের সহযোগিতায় এগিয়ে আসবে। এভাবেই সহযোগিতা ও মানবিকতার ধারাবাহিকতা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে।