Pathikrit Most Popular Online NewsPaper

বিজিবির অভিযানে উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তি। সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের চারটি মামলার এজাহারভুক্ত আসামি ও কুখ্যাত মাদক চোরাকারবারি মো: আশরাফুল ইসলাম বেল্টুকে (৩০) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

এর আগে, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন কাজিপুর বিওপির একটি বিশেষ টহল দল শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওড়াতলা পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় আশরাফুল ইসলাম বেল্টুকে আটক করা হয়। তিনি গাংনী উপজেলার শেওড়াতলা মধ্যপাড়া গ্রামের সেন্টু আলীর ছেলে।

অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৭৮ বোতল ফেয়ারডিল সিরাপ, ১০ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

আটক ব্যক্তিকে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দকৃত অন্যান্য মালামালসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুরের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

পরে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৯ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে বিজিবির মাদকবিরোধী ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।