Pathikrit Most Popular Online NewsPaper

আতিয়ার রহমান ও রাজু আহমেদের ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল ব্যবহার করে নকল সিগারেট উৎপাদনের অভিযোগে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির মালিক আতিয়ার রহমান ও তাঁর ভাই রাজু আহমেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

সোমবার (২৩ নভেম্বর) মিরপুর থানায় মামলাটি দায়ের করেন কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২, ভেড়ামারার সহকারী রাজস্ব কর্মকর্তা মমিনুল ইসলাম। মামলা নম্বর-২৩, তারিখ ২৩/১১/২০২৬। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক ধারার (ক) ও (খ) উপধারায় মামলাটি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন, কুষ্টিয়া সদর থানার জুগিয়া এলাকার হোসেন আলীর ছেলে গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানির যৌথ মালিক আতিয়ার রহমান (৫৬), তাঁর ছোট ভাই রাজু আহমেদ (৫০), কোম্পানির ডেপুটি ম্যানেজার ও শহরের আড়ুয়াপাড়া এলাকার সামসুল আলমের ছেলে সাইফুল আলম (৫০) এবং কোম্পানির ম্যানেজার ও মিলপাড়া এলাকার মৃত ইস্রাফিলের ছেলে নঈম ইকবাল (৪৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর মিরপুর উপজেলা প্রশাসন ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গঠিত একটি অভিযানিক দল উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কেউপুর এলাকায় অবস্থিত গোল্ডেন বেঙ্গল টোব্যাকো কোম্পানিতে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটি তল্লাশি করে নকল স্ট্যাম্পযুক্ত সন্দেহে এক হাজার প্যাকেট বেঙ্গল স্পেশাল সিগারেট জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ১০টি করে মোট ১০ হাজার শলাকা সিগারেট ছিল।

জব্দ করা সিগারেটের মধ্য থেকে ১২ প্যাকেট নমুনা পরীক্ষার জন্য গাজীপুরের দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, নমুনা সিগারেটের ব্যবহৃত স্ট্যাম্পের কাগজ, মুদ্রণ ও নিরাপত্তা বৈশিষ্ট্যের ফয়েল সঠিক নয়। পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যও পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্ট্যাম্পগুলো জাল বলে নিশ্চিত হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, একাধিক সূত্রের বরাতে অভিযোগ উঠেছে, গোল্ডেন বেঙ্গল টোব্যাকোর যৌথ মালিক আতিয়ার রহমান ও তাঁর ভাই রাজু আহমেদ দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে তামাক গুদামজাত করে বিভিন্ন টোব্যাকো প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন। এর আগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তারা একাধিকবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানাও করেছেন বলে জানা গেছে।

এ ছাড়া কুষ্টিয়ার মিরপুরের পাশাপাশি খোকসা উপজেলার বেতবাড়িয়া ও জানিপুর এলাকায় জমজম টোব্যাকো নামের একটি প্রতিষ্ঠানেও শুল্ক ফাঁকি দিয়ে জাল ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট উৎপাদনের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, কুষ্টিয়া শহরতলীর মিনাপাড়া এলাকার ১২টি পরিবারের প্রায় ৩০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মাধ্যমে ভুয়া মালিকানা তৈরি করে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগও রয়েছে আতিয়ার রহমান ও তাঁর ভাই রাজু আহমেদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।