Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক :

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কয়েকটি তারিখ ও তথ্য সংশোধন করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। সংশোধিত প্রজ্ঞাপনে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে প্রতিটি নির্বাচনি এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের সময়সূচি সংক্রান্ত গত ১১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গেজেটের সংশোধন করা হয়েছে।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ গেজেটের ১৩৩০৫ নম্বর পৃষ্ঠার ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে।

    এছাড়া, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বে নির্ধারিত ২১–২৭ পৌষ (৫–১১ জানুয়ারি), সোমবার-রোববার এর পরিবর্তে নতুন করে নির্ধারণ করা হয়েছে ২১-২৫ পৌষ (৫-৯ জানুয়ারি), সোমবার-শুক্রবার।

    একইভাবে, আপিল নিষ্পত্তির সময়সূচিতেও সংশোধন আনা হয়েছে। পূর্বে ঘোষিত ২৮ পৌষ-৪ মাঘ (১২-১৮ জানুয়ারি), সোমবার-রোববার এর পরিবর্তে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে ২৬ পৌষ-৪ মাঘ (১০-১৮ জানুয়ারি), শনিবার রোববার।

    নির্বাচন কমিশন জানিয়েছে, প্রশাসনিক ও আইনগত বিষয়গুলো আরও স্পষ্ট ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এই সংশোধন আনা হয়েছে।

    Spread the love