Pathikrit Most Popular Online NewsPaper

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর হাউসপুর নলকোলা কে.এইচ.এন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন এমপি।প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, “সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতির চেতনাকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাক আগামীর বাংলাদেশ। জাতীয় ঐক্য ও সংহতির চেতনা অম্লান থাকুক।”

তিনি আরও বলেন, সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের চেতনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামীর প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলায়মানের সভাপতিত্বে এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বকুল আলী, কুর্শা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন, কে.এইচ.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হানিফ আলী ও নজরুল ইসলাম এবং বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. রফিকুল ইসলাম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।