
আশরাফুল আলমঃ
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে ধানের শীষ প্রতীকে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। এই বড় জয়ের পর এলাকায় তাঁকে ভবিষ্যৎ মন্ত্রিসভায়, বিশেষ করে আইনমন্ত্রীর দায়িত্বে দেখতে চাওয়ার দাবি জোরালো হয়েছে।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ এস এম মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৮ ভোট। ফলে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৩।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের আইনি অভিজ্ঞতা এবং সাবেক সফল অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের কারণে তাঁকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তারা।
শৈলকুপার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, আইন ও বিচারব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে তাঁর মতো অভিজ্ঞ আইনবিদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা সময়োপযোগী হবে।
ফলাফল ঘোষণার পর শৈলকুপা শহরসহ বিভিন্ন এলাকায় বিজয়োল্লাস ছড়িয়ে পড়ে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত সততা, আইনি অভিজ্ঞতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় যোগাযোগই তাঁর বিপুল জয়ের মূল কারণ।
সব মিলিয়ে, ঝিনাইদহ-১ আসনের মানুষের প্রত্যাশা এখন, দলীয় সিদ্ধান্তের মাধ্যমে জাতীয় পর্যায়ে তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি।