Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। ‘স্মৃতিময় স্কুল প্রাঙ্গণে আরও একবার মেতে উঠি প্রাণের উৎসবে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান।

    ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

    প্রজন্মের মধ্যে সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য নতুনভাবে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা বিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে।

    দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয় এবং পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    আলোচনা সভায় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, অতীতের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।

    প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার প্রসারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “প্রাক্তন শিক্ষার্থীরা এগিয়ে এলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সম্ভব। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজন হলে কমিটির সঙ্গে সমন্বয় করতে হবে। এ ক্ষেত্রে আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ।”

    সন্ধ্যার আগে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, এ আয়োজন প্রজন্মের মধ্যে একটি দৃঢ় সেতুবন্ধন তৈরি করেছে, যা ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    Spread the love