Pathikrit Most Popular Online NewsPaper

    ছবি সংগৃহীত

    আন্তর্জাতিক ডেস্কঃ

    ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইরান-সমর্থিত এই গোষ্ঠী হামলার তীব্র নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ও জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইরানকে লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা শুধু একটি দেশের ওপর আঘাত নয়, বরং সমগ্র অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। তারা “অঞ্চলের দেশ ও জনগণকে এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার” আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে এর ভয়াবহ পরিণতি ব্যতিক্রমহীনভাবে সবার ওপর প্রভাব ফেলবে।

    বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। সংগঠনটি আঞ্চলিক শক্তিগুলোর প্রতি কূটনৈতিক ও রাজনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানায়।

    এদিকে নাঈম কাসেম শনিবার একটি টেলিভিশন ভাষণ দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। ভাষণ স্থগিতের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

    উল্লেখ্য, সাম্প্রতিক এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।

    সূত্র: আলআরাবিয়া

    Spread the love