Pathikrit Most Popular Online NewsPaper

    জুয়েল রানা, ইবি থানা প্রতিনিধি:

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বরাদ্দকৃত গরিব ও দুস্থদের জন্য জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত ১০ কেজির পরিবর্তে উপকারভোগীদের ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও ঈদের আগে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে বরাদ্দকৃত চাল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হচ্ছিল। জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়।

    কিন্তু হরিনারায়ণপুর ইউনিয়নে মোট ৮৬৭টি কার্ডের বিপরীতে চাল বিতরণের সময় দেখা যায়, জনপ্রতি ১ কেজি কম দিয়ে ৯ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের কাছে এ বিষয়ে জানতে চান।

    এ সময় তিনি দাবি করেন, বস্তায় চাল কম আসার কারণে কম বিতরণ করা হচ্ছে। তবে পরবর্তীতে বস্তা ওজন করে দেখা যায়, চালের পরিমাণ ঠিকই রয়েছে। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতিবাদ জানান।

    স্থানীয়দের প্রতিবাদের মুখে পরে সঠিক পরিমাণ অর্থাৎ ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।ঘটনাস্থলে চাউল পরিমাপের সময় হরিনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ রতন শেখ, আব্দালপুরের ইউপি সদস্য মোহাম্মদ (মেম্বার) এবং ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ডাবলুকে উপস্থিত থাকতে দেখা যায়।

    এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনউজ্জামান বলেন,“১০ কেজি চালের মধ্যে কম দেওয়ার কোনো নিয়ম নেই। যদি বস্তায় চাল কম আসে, তাহলে তা আমাকে জানাতে হবে। কম দেওয়ার কোনো এখতিয়ার কারও নেই।”

    Spread the love