
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খয়েরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গ্রেপ্তার বকুল একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে একটি মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার-বকুল গ্রুপ এবং ইউসুফ মেম্বার-মেহেদী গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে গত কয়েক দিন ধরে এলাকায় দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বাড়ি থেকে বিলের দিকে যাওয়ার পথে হালিম সর্দার প্রতিপক্ষের হামলার শিকার হন। পরিবারের অভিযোগ, মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র ‘ফালা’ ছুড়ে মারা হয়। এতে ফালাটি হালিম সর্দারের গলায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।