
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় গড়াই নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের উত্তর কমলাপুর এলাকা সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি-কে অবহিত করে। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহটির আনুমানিক বয়স প্রায় ৪০ বছর। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ঘিয়া রঙের শার্ট।
বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শফিকুর রহমান জানান, গড়াই নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।