
নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়া সদর উপজেলার চর মিলপাড়া এলাকায় কথিত মাদক ব্যবসায়ী সবুজ, শিপন ও বন্দেরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ। অভিযোগটি কুষ্টিয়া মডেল থানায় জমা দেওয়া হয়েছে।
অভিযোগকারী রোকসানা খাতুন জানান, চর মিলপাড়া আবাসনের চেয়ারম্যান শহিদুলের ছেলে সবুজ (২৫), শিপন (২৭), একই এলাকার বন্দের (৪৫) এবং সবুজের স্ত্রী তানিয়া (২০)সহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি ও তার পরিবারসহ স্থানীয় কয়েকজন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন শুরু করে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে তার ছোট ছেলে মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। ঘটনার পর শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।অভিযোগকারী আরও দাবি করেন, মাদক ব্যবসা বন্ধের কথা বলায় অভিযুক্তরা তাদের বাড়িঘরে হামলার হুমকি দিয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার দায়িত্বশীল একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।