Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—এই স্লোগানকে ধারণ করে কুষ্টিয়ার সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুষ্টিয়ার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলিমা আখতারের সভাপতিত্বে এবং বিআরটিএ কুষ্টিয়ার মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। তিনি শিক্ষার্থীদের সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং দুর্ঘটনা এড়াতে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ কুষ্টিয়ার মোটরযান পরিদর্শক সাজিদ শাহরিয়ার ফাহিম। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের পাশাপাশি চালক ও পথচারীদের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু সড়ক দুর্ঘটনা কমাতে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। পরে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে বিজয়ী তিন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিআরটিএ কর্মকর্তা, নিসচা নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।