Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

    শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কথিত ওই পীরের কোরআন অবমাননাকর বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা তার আস্তানায় হামলা চালায়।

    হামলার সময় শামীম রেজা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

    দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তারা দেখেছেন এবং এটি পুরোনো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরই স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এ হামলার ঘটনা ঘটে।

    পুলিশ আরও জানায়, এর আগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

    ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    Spread the love