Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধি:

    দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

    সোমবার (১৬ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে যোগদান করে প্রথম দিনের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এর আগে রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

    বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, তাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী তার প্রতি যে আস্থা রেখেছেন, তা তিনি যথাযথভাবে রক্ষা করার চেষ্টা করবেন।

    তিনি আরও বলেন, সততা ও স্বচ্ছতার সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করাই তার প্রধান লক্ষ্য। সরকারের এ সিদ্ধান্ত জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    Spread the love