
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার পিয়ারপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হাজী মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও আয়োজন করা হয় টুর্নামেন্টটির ১৮তম আসর।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এস বি সুপার ডিলাক্সের সৌজন্যে এবং পিয়ারপুর একতা পল্লী কল্যাণ সমিতির আয়োজনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সভাপতি ও সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শিহাব উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা পরিষদের নবাগত প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব আকলিমা শিহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক শহিদুল হক, সমাজসেবক রুহুল আমিন মোহন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ এবং এস বি সুপার ডিলাক্সের পরিচালক ইমরান আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সমিতির সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস এবং ক্রীড়া সম্পাদক হোসেন আল আমীন। উপস্থাপনা করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম মনির। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।
ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হয়। এতে কুমারখালী উপজেলার বাগুলাট ফুটবল একাদশ চ্যাম্পিয়ন এবং মিরপুর উপজেলার পোড়াদহ ফুটবল একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ৩৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সেরা খেলোয়াড়দের হাতে পৃথক পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “খেলাধুলা একটি জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করে। এ ধরনের আয়োজন প্রমাণ করে আমাদের তরুণরা ইতিবাচক কাজে সম্পৃক্ত রয়েছে।”
সভাপতি শিহাব উদ্দিন বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা। টুর্নামেন্টকে ঘিরে পুরো পিয়ারপুর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।