
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া পৌরসভার কমলাপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি সংখ্যালঘু পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢুকে ভাঙচুর চালানো হয় এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
হামলায় অন্তত চারজন আহত হন। আহতরা হলেন কমলাপুর এলাকার সুরজিৎ ঘোষের ছেলে সৌমিত্র (১৪) ও সৌমিক (১৮), এবং শ্রী দুলাল চন্দ্র ঘোষের ছেলে প্রসেনজিত ঘোষ (৪০) ও তার ভাবি নীলা ঘোষ (৩৫)।
আহত প্রসেনজিত ঘোষ জানান, পেঁয়াজি খাওয়াকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে একই এলাকার বিপুল, জয়, মাহিন ও সাব্বিরসহ কয়েকজন যুবক তাদের বাড়িতে গিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তাকে ও তার ভাবিকে মারধর করা হয়। এর আগে তার মামাতো ভাই ও বড় ভাইয়ের ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, হামলাকারীরা তার বাসা থেকে নগদ প্রায় ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এদিকে এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।