
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ:
কুষ্টিয়ার দৌলতপুরে নদীর ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। একপর্যায়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশের নদীর ধারে বসে ছিলেন। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আরোজ আলীকে উদ্ধার করেন। পরে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নারায়ণপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয়রা জানান, বজ্রপাতের সময় নদীর তীর, মাঠ বা অন্য কোনো খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি। একই সঙ্গে গাছের নিচে অবস্থান না করার জন্যও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।