
কুষ্টিয়া অফিসঃ
কুষ্টিয়ায় প্রস্তাবিত ‘বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। সোমবার (২ মার্চ ২০২৬) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়-এর সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে এবং নিয়ম-নীতি উপেক্ষা করে কুষ্টিয়ায় ‘বিচারপতি আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
অভিযোগকারীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো, স্থায়ী জামানত, ট্রাস্টি বোর্ড গঠনসহ আইনগত শর্ত পূরণ করা হয়নি। এছাড়া যে ভবন দেখিয়ে অনুমোদন নেওয়া হয়েছে, সেটি এখনো নির্মাণাধীন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ভাড়া বা মালিকানার কোনো প্রামাণ্য নথি নেই বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও অভিযোগ করেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া দ্রুত অনুমোদন দেওয়ায় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়েও আপত্তি জানিয়ে বক্তারা বলেন, সাবেক আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী-এর নাম বিতর্কমুক্ত নয়। তাঁকে দলীয় আনুগত্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলে তারা তাঁর বিচারিক কর্মকাণ্ড নিয়েও অতীতে বিতর্কের কথা উল্লেখ করেন।
স্মারকলিপিতে তাঁর নামে এলাকায় প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অর্থে নির্মিত স্থাপনার অর্থের উৎস ও প্রক্রিয়া তদন্তের দাবি জানানো হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে বিষয়টি অনুসন্ধানের আহ্বানও জানানো হয়।
বক্তারা বলেন, একজন বিতর্কিত ব্যক্তির নামে শিক্ষা প্রতিষ্ঠান থাকলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা যায়। তাই বিশ্ববিদ্যালয়টির অনুমোদন বাতিল করে যথোপযুক্ত ব্যক্তি বা এলাকার নামে নামকরণের দাবি জানান তারা।
জানা গেছে, স্মারকলিপির অনুলিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যশোর শিক্ষা বোর্ড, দুর্নীতি দমন কমিশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।