Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলম:

    ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

    শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাক চালক সোহেল শেখ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ডালবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বড়দাহ পুরাতন ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

    দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর ভোরে প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকাল আনুমানিক ৮টার দিকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়।

    এ বিষয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার হারুন অর রশীদ বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। পরে ট্রাক চালক ও তার সহকারীর মরদেহ উদ্ধার করা হয়।

    Spread the love