
নিজস্ব প্রতিবেদক:
সংরক্ষিত নারী আসনে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে সংসদ সদস্য (এমপি) পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় গুরুত্বের সঙ্গে উঠে এসেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কৃতি সন্তান ফরিদা ইয়াসমিনের নাম।
দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দলীয় সূত্র জানায়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠন গড়ে তোলা, আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রাখা এবং নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তার অবদানই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর সরকারের দীর্ঘ সময়ের শাসনামলে কুষ্টিয়ায় বিএনপির নেতাকর্মীরা নানা মামলায় জড়ালে কঠিন সময়ে নেতৃত্ব দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন ফরিদা ইয়াসমিন। কেন্দ্রীয় নির্দেশনায় তিনি জেলার সাংগঠনিক কার্যক্রম সচল রাখা ও কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা গেছে।
রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার সাফল্য। অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি ঢাকার শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন সহজপ্রাপ্য, নির্ভরযোগ্য ও সমাধানমুখী নেত্রী হিসেবে পরিচিত। তাদের মতে, কুষ্টিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ফরিদা ইয়াসমিন হতে পারেন কার্যকর নেতৃত্বের প্রতীক।
দলীয় নেতাকর্মীরা আশা করছেন, আসন্ন সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়নে ফরিদা ইয়াসমিনই এগিয়ে থাকবেন। ইতোমধ্যে সারাদেশে আলোচনায় থাকা বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।