Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

    কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

    রোববার (২১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রোকনুজ জামানের কাছ থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন সমর্থকরা। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার রোকনুজ জামান।

    দীর্ঘ রাজনৈতিক জীবনে অধ্যক্ষ সোহরাব উদ্দিন দুইবার ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সততা, অভিজ্ঞতা ও জনঘনিষ্ঠ নেতৃত্বের কারণে তিনি এলাকাবাসীর কাছে একজন সৎ ও গ্রহণযোগ্য রাজনীতিক হিসেবে পরিচিত।

    এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী উল আলম হানিফ পেয়েছিলেন ২ লাখ ৯৬ হাজার ৮২৮ ভোট এবং ধানের শীষের প্রার্থী জাকির হোসেন সরকার পেয়েছিলেন ১৪ হাজার ৩৭৯ ভোট। দলীয় সূত্র জানায়, বিরূপ রাজনৈতিক পরিস্থিতির কারণে সে সময় তিনি প্রকাশ্যে প্রচারণা চালাতে পারেননি।

    এর আগে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রকৌশলী জাকির হোসেন সরকার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। সে সময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থন তাঁর বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে ভোটারদের একটি অংশের দাবি।

    রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, কুষ্টিয়া-৩ আসনে এবার ভোটের সমীকরণ বদলে যেতে পারে। অনেকের মতে, জেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও নেতৃত্ব সংকট এই আসনের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

    উল্লেখ্য, অধ্যক্ষ সোহরাব উদ্দিন ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারি এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি পরাজিত হন।

    এদিকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির নির্বাহী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাতিল করা হয়। পরে ৪ নভেম্বর ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলে দলের অভ্যন্তরে তীব্র বিরোধ দেখা দেয়। কমিটি বাতিলের দাবিতে সাবেক ও বর্তমান নেতারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করেন। এর প্রভাব জেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে পড়েছে বলে দলীয় সূত্র জানায়।

    সব মিলিয়ে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির প্রার্থীতা ও ভোটের রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    এদিকে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মনোনয়ন সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মী ও ত্যাগী-বঞ্চিত নেতাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। তাঁর বাসভবনের সামনে সাধারণ মানুষের আনাগোনা বেড়ে যায়। এ আসনের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা প্রার্থীতা পুনর্বিবেচনার দাবিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন বলেও জানা গেছে।

    Spread the love