
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭টি আসনের প্রার্থীতালিকায় কুষ্টিয়া–৩ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা। কেন্দ্রীয়ভাবে ঘোষিত তালিকায় জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে মনোনয়ন দেওয়াকে তারা ‘অন্যায়’ বলে দাবি করেন।এরই প্রতিবাদে শনিবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া এন এস বোর্ড মোড়ে কয়েক হাজার নেতা–কর্মী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরে মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে শেষ হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বশিরুল আলম চাঁদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।
এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীকসহ আরও অনেকে।
কর্মী-সমর্থকেরা মানববন্ধনে শ্লোগান দেন— “সোহরাব উদ্দিনকে মনোনয়ন দাও, দিতে হবে”, “অযোগ্য প্রার্থী মানি না, মানব না”— এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
তারা অভিযোগ করেন, “সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়া মানে কুষ্টিয়ার বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করা।”
পরে বিক্ষোভ শেষে অবরোধ তুলে নেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনী যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। নেতারা কেন্দ্রের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।