
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক যশোর বার্তা’র জেলা প্রতিনিধি ও দিনের খবর পত্রিকার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রতিনিধি সাংবাদিক তিতাস আহমেদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন মাধপুর এলাকায় এ নেক্কারজনক হামলার শিকার হন তিনি।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া বাজার থেকে নিজ বাড়ি রঞ্জিতপুরে ফেরার পথে ৫-৬ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে এবং মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।হামলার পর স্থানীয়দের সহায়তায় তিনি নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ ঘটনায় সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই বর্বর ও নিন্দনীয় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট মহল অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।