Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:

    কুষ্টিয়ায় ভোজ্যতেল অবৈধভাবে মজুত করার দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বুধবার (৮ এপ্রিল) দুপুরে শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সয়াবিন তেল মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বড়বাজারের ‘বাবলু পাল স্টোর’-এর গুদামে ৫,৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুতের প্রমাণ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।

    এ ঘটনায় কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মাসুম আলীসহ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপ-পরিচালক মাসুম আলী জানান, ভোক্তা অধিকার রক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে মজুত করে বাজার অস্থির করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    Spread the love