
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৯শ টাকাসহ টুটুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২, সিপিসি-১।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বল্লভপুর মাছের আড়ৎ সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টুটুল ইসলাম আইলচারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় আইলচারা সরদারপাড়ার আবু বক্করের ছেলে। র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল আইলচারা এলাকার বল্লভপুর মাছের আড়ৎ সংলগ্ন আবু বক্করের লেদের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন টুটুল ইসলামকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-১২-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।