Pathikrit Most Popular Online NewsPaper

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদ: কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জের ধরে এক যুবককে লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধর এবং তার মোটরসাইকেলের সিটিং ব্যাগ থেকে নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ভাই মো. জাকিরুল ইসলাম।

    থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের বাসিন্দা মো. জাকিরুল ইসলাম (৩৬) অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার ছোট ভাই মো. সোহান আলী ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।

    অভিযোগে বলা হয়, সোহান আলী বাড়ি ফেরার পথে দৌলতপুর থানাধীন নতুন আমদহ গ্রামের জনৈক মোস্তফার বাড়ির সামনে পাকা সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তার গতিরোধ করেন। এ সময় তারা লাঠি, লোহার রড, লোহার হাতুড়ি ও রামদা দিয়ে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে।

    একপর্যায়ে এস এম হুমায়ন কবিরের নির্দেশে মো. শোভন মালিথা লোহার রড দিয়ে সোহান আলীর মাথায় আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। আঘাত থেকে নিজেকে রক্ষা করতে সোহান আলী হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে তার ডান হাতের কবজিতে আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন বলে দাবি করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা সোহান আলীর শরীরের বিভিন্ন স্থানে লাঠি, লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরার জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

    এ সময় বিশাল ও বাঁধন সোহানের দুই হাত চেপে ধরেন এবং সম্রাট তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটিং ব্যাগে থাকা নগদ ৩ লাখ টাকা বের করে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    ঘটনার সময় সোহান আলীর চিৎকারে স্থানীয় তুহিন, হাসিবুল কবির নাঈম, নাজিম হোসেনসহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।

    পরে পরিবারের সদস্যরা আহত সোহান আলীকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

    লিখিত অভিযোগে এস এম হুমায়ন কবির, মো. শোভন মালিথা, সম্রাট আলী, বাঁধন শেখ, সুমন আলী, বিশালসহ কয়েকজনের বিরুদ্ধে হামলা, মারধর ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে।

    এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

    তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং নগদ টাকা নিয়ে যাওয়ার বিষয়টি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।