
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের মধ্যে ক্যাম্পের ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলামসহ ১০ জন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে অচেতন অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। তিনি বলেন, রাতের খাবার খাওয়ার পর একসঙ্গে এতজন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়ায় খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। তবে তাঁরা ঠিক কী কারণে অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও বলেন, পুলিশ ক্যাম্পে রান্না করা খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অসুস্থতার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
কুষ্টিয়া ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে তিনি পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ বলেন, পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাবার পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের মাধ্যমে অসুস্থতার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।