Pathikrit Most Popular Online NewsPaper

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

রবিবার (১১ অক্টোবর) বেলা ৩টায় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা), কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান।

বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী, এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মো. রেজাউর রহমান খান, নিসচা কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা আমজাদ হোসেন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ ও সম্মিলিত উদ্যোগ। শিক্ষার্থীরা আজকের ভবিষ্যৎ নাগরিক। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্ক থাকা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবন কেড়ে নেয় না, বরং একটি পরিবারকে আজীবন কষ্টের মধ্যে ঠেলে দিতে পারে। তাই নিজের ও অন্যের জীবন রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহার করতে হবে। মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে। অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করা থেকে বিরত থাকতে হবে। সড়ককে নিরাপদ করতে হলে চালক, যাত্রী, পথচারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। প্রত্যেকে আইন মেনে চললে এবং অন্যকে সচেতন করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

আলোচনা সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।