Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা যুবদল।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম বলেন, রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার কোনোভাবেই কাম্য নয়। ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য ভুয়া সংবাদ প্রকাশের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা জরুরি।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা উচিত। যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ালে ব্যক্তি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট অপপ্রচারের সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য প্রকাশ এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া আনছার মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাসেদ, যুগ্ম সম্পাদক জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজ্জাকির রাব্বি ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনিকসহ জেলা যুবদলের নেতারা।