Pathikrit Most Popular Online NewsPaper

সরকারি কর্মচারীদের পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারণে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বিদ্যমান পেনশনভোগীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অবসর-উত্তর ছুটি, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারণের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয় গত বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, সংশোধিত বিধান চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।

পাঁচ ধাপে বাড়বে পেনশন

সংশোধিত আদেশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যারা মাসিক নিট পেনশন ও পারিবারিক পেনশন পাচ্ছেন, তাদের ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত নিট পেনশনের ভিত্তিতে নতুন পেনশন নির্ধারণ করা হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পেনশন বৃদ্ধির হার হলো—

  • ৯ হাজার টাকা পর্যন্ত: পেনশন বাড়বে ১০০ শতাংশ। নতুন নিট পেনশন হবে ১০ হাজার থেকে ১৮ হাজার টাকা।
  • ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা: বাড়বে ৭৫ শতাংশ। নতুন নিট পেনশন হবে ১৮ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার টাকা।
  • ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা: বাড়বে ৬৫ শতাংশ। নতুন নিট পেনশন হবে ৩৫ হাজার ১ টাকা থেকে ৪৯ হাজার টাকা।
  • ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা: বাড়বে ৬০ শতাংশ। নতুন নিট পেনশন হবে ৪৯ হাজার ১ টাকা থেকে ৬২ হাজার টাকা।
  • ৪০ হাজার ১ টাকা বা তার বেশি: বাড়বে ৫৫ শতাংশ। নতুন নিট পেনশন হবে ৬২ হাজার ১ টাকা থেকে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা।

তবে যেসব বিদ্যমান পেনশনভোগী ইতোমধ্যে মাসে ৭০ হাজার ২০০ টাকার বেশি নিট পেনশন পাচ্ছেন, তারা ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত আগের হারেই পেনশন পাবেন। ভগ্নাংশযুক্ত পেনশনের পরিমাণ পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে হিসাব করা হবে।

অবসর-উত্তর ছুটিতে বেতন-ভাতার নতুন নিয়ম

প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত কর্মচারীদের জন্যও পৃথক বিধান যুক্ত করা হয়েছে।

যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২০২৬ সালের ১ জুলাই বা তার আগে শুরু হয়ে চলমান রয়েছে, তারা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন ও ভাতাদি পাবেন। তবে ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিক নির্ধারিত হবে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী।

অন্যদিকে, ২০২৬ সালের ২ জুলাই বা তার পরে যারা অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তারা নতুন বেতনস্কেল অনুযায়ী ছুটিকালীন বেতন-ভাতা, নিট পেনশন ও আনুতোষিক পাবেন।

১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট

লাম্পগ্র্যান্ট বা এককালীন অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও সময়ভেদে পৃথক নিয়ম নির্ধারণ করা হয়েছে।

যেসব কর্মচারীর চাকরি ৩০ জুন শেষ হয়েছে এবং অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে ১ জুলাই, তারা ছুটি প্রাপ্যতা সাপেক্ষে ২০১৫ সালের বেতনস্কেলে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট পাবেন।

অন্যদিকে, ২ জুলাই বা তার পরে অবসর-উত্তর ছুটি শুরু হলে ২০২৬ সালের বেতনস্কেলে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ লাম্পগ্র্যান্ট দেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ধাপভিত্তিক বেতন বাস্তবায়নের কারণে কোনো কর্মচারী কম মূল বেতন পেলেও তার নিট পেনশন, আনুতোষিক ও লাম্পগ্র্যান্ট নির্ধারিত মূল বেতনের ভিত্তিতেই হিসাব করতে হবে। প্রাপ্য আনুতোষিক ও লাম্পগ্র্যান্টের সম্পূর্ণ অর্থ একসঙ্গে পরিশোধযোগ্য হবে।

আগের হিসাবও পুনর্নির্ধারণ করতে হবে

প্রজ্ঞাপনে পেনশন ও অন্যান্য পাওনা পুনর্নির্ধারণের নির্দেশনাও দেওয়া হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে জাতীয় বেতনস্কেল ২০২৬ জারির তারিখ পর্যন্ত যেসব কর্মচারীর নিট পেনশন, আনুতোষিক বা ছুটি নগদায়নের দাবি ২০১৫ সালের বেতনস্কেল অনুযায়ী নিষ্পত্তি হয়েছে, সেগুলো নতুন বিধান অনুযায়ী পুনর্নির্ধারণ করতে হবে।

পুনর্নির্ধারণের ফলে কোনো অতিরিক্ত অর্থ পাওনা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিশোধ করতে হবে।

একাধিক পারিবারিক পেনশনভোগীর অর্থ বণ্টন

একজন মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে তাদের মধ্যে অর্থ বণ্টনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ক্ষেত্রে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশন ও উৎসব ভাতাকে ভিত্তি ধরে প্রচলিত বিধি অনুযায়ী আনুপাতিক হারে সংশ্লিষ্ট পারিবারিক পেনশনভোগীদের মধ্যে অর্থ বণ্টন করতে হবে।

সরকারের এই সংশোধিত প্রজ্ঞাপনের ফলে বিদ্যমান পেনশনভোগীদের পাশাপাশি অবসর-উত্তর ছুটিতে থাকা এবং নতুন করে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশন, আনুতোষিক ও এককালীন আর্থিক সুবিধা নির্ধারণে নতুন নিয়ম কার্যকর হবে।