
খোকসা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় একটি সামাজিক বৈঠকে আওয়ামী লীগ নেতার উপস্থিতির প্রতিবাদ করায় মো. মোশাররফ বিশ্বাস (৪৫) নামে এক বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আহত হয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহত মোশাররফ বিশ্বাস খোকসা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের মৃত বাদশা আলী বিশ্বাসের ছেলে। নিজেকে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা বলে দাবি করেছেন তিনি।
মোশাররফ বিশ্বাসের অভিযোগ, শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খোকসা পৌর এলাকার জানিপুর গ্রামে একটি সামাজিক বৈঠক চলছিল। বৈঠকে আওয়ামী লীগ নেতা সেলিম হুসাইনের উপস্থিতি দেখে তিনি প্রতিবাদ করেন। এ সময় ওই এলাকার মৃত গফুর শাহর ছেলে সেলিম হুসাইন, তাঁর ছেলে জনি হোসেন, স্বপন হোসেন, তপন হোসেন, মামুন হোসেন ও আনোয়ার হোসেনসহ কয়েকজন মিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
তিনি আরও অভিযোগ করেন, সেলিম হুসাইন এর আগেও তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন মোশাররফ।তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেলিম হুসাইন। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে সেখানে একটি সামাজিক বৈঠক চলছিল। এ সময় মোশাররফ উত্তেজিত হয়ে পড়লে উপস্থিত লোকজন তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে মোশাররফ নিজেই দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে শরীরে আঘাত পান এবং হাসপাতালে যান। তাঁকে ফাঁসানোর জন্যই এমন ঘটনা সাজানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক দলের এক নেতা অভিযোগ করে বলেন, সেলিম হুসাইন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য ছিলেন। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের কোনো কমিটি না থাকায় তাঁর বর্তমানে কোনো সাংগঠনিক পদ না-ও থাকতে পারে। তাঁর দাবি, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে সেলিম হুসাইন বিএনপি নেতাকর্মীদের ধরিয়ে দেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করেছেন। বর্তমানে বিএনপির কিছু নেতাকে ম্যানেজ করে এলাকায় আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি তিনি অতীতে নৌকার পক্ষেও ভোট চেয়েছেন বলে অভিযোগ করেন ওই নেতা।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মোশাররফ বিশ্বাসের নাকসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।