Pathikrit Most Popular Online NewsPaper

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমায় চার দশকের বেশি সময় ধরে রাজত্ব করা সুপারস্টার রজনীকান্তকে ভক্তরা ভালোবেসে ‘থালাইভা’ (নেতা বা প্রধান) বলে ডাকেন। সাধারণ এক বাস কন্ডাক্টর থেকে নিজের পরিশ্রমে প্রায় ৫০০ কোটি টাকার সাম্রাজ্য গড়ে তোলা এই কিংবদন্তি অভিনেতা এবার স্থাপন করলেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের অর্জিত বিশাল সম্পত্তির একটি কানাকড়িও পরিবার পাবে না—এমন ঘোষণাই দিয়েছেন তিনি। রজনীকান্তের ইচ্ছা, মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দেওয়া হবে।

এই পুরো সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে চেন্নাইয়ের কোদম্বাক্কমে অবস্থিত বিখ্যাত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। ১৯৮৯ সালে প্রায় ১.২৫ একর জমির ওপর রজনীকান্ত এটি গড়ে তোলেন। এই ভবনটির সঙ্গে জড়িয়ে রয়েছে এই তারকা ও তার ভক্তদের গভীর আবেগ ও ইতিহাস। ২০১৫ সালের ভয়াবহ চেন্নাই বন্যায় এই মণ্ডপের দরজা খুলে দেওয়া হয়েছিল বানভাসি মানুষ ও ত্রাণকর্মীদের আশ্রয়ের জন্য।

এ ছাড়া ভক্তদের সঙ্গে রজনীকান্তের বহু গুরুত্বপূর্ণ বৈঠকের সাক্ষীও এই স্থানটি। একসময় এটি ভেঙে তিন তারকা হোটেল বানানোর গুঞ্জন উঠলেও, রাঘবেন্দ্র মণ্ডপ আজও চেন্নাইয়ের বুকে সগৌরবে দাঁড়িয়ে আছে। জানা গেছে, রজনীকান্তের উইলে পরিষ্কার বলা হয়েছে যে এই মণ্ডপসহ তার সমস্ত সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের হাতে তুলে দেওয়া হবে।

নিজের এই মহৎ সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে থালাইভা বলেন, ‘আমার মৃত্যুর পর এই রাঘবেন্দ্র মণ্ডপের পুরো সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের কাছে চলে যাবে। এর একটি পয়সাও আমার পরিবার পাবে না। তামিলনাড়ুর মানুষ টিকিট কেটে আমার সিনেমা দেখেছেন এবং আমার ক্যারিয়ারকে বাঁচিয়ে রেখেছেন, তাই এই সিদ্ধান্ত তাদের প্রতি আমার সামান্য ঋণস্বীকার মাত্র।’

তামিল জনগণের প্রতি নিজের চিরকৃতজ্ঞতার কথা উল্লেখ করে রজনীকান্ত আরও বলেন, ‘টিকিটের দাম যাই হোক না কেন, এ রাজ্যের মানুষ সবসময় আমার সিনেমা দেখার জন্য টিকিট কিনেছেন।’