
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়া পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক, পরিকল্পিত ও টেকসই করতে তিনটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে পৌর কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে কুষ্টিয়া দিশা মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও উপসচিব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের জন্য একটি রোলমডেল। এ কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তিনি জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন। পাশাপাশি পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসএনভি ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন (আইটিএন-বুয়েট)।
এ সময় বেসরকারি প্রতিষ্ঠান পলিন ফাউন্ডেশন, রূপসী বাংলা পল্লীসেবা সংস্থা, এরাস ভেঞ্চার্স লিমিটেড এবং চৌঁড়হাস ফুলতলা কল্যাণ সংস্থার সঙ্গে কুষ্টিয়া পৌরসভার চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা সার্ভিস চেইনের সূচনা এবং একটি কার্যকর মডেল প্রতিষ্ঠার বিষয়ে উপস্থাপনা করেন শহর পরিকল্পনাবিদ ও প্রকল্প ফোকাল পারসন রানভীর আহমেদ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুষ্টিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানটি সহযোগিতা করে বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্প (এসএনভি)। অনুষ্ঠান পরিচালনা করেন এসএনভি কুষ্টিয়ার প্রজেক্ট ম্যানেজার নবনীতা সাহা।
চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কুষ্টিয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বৃদ্ধি এবং সমন্বিত ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।