
পাবনার ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকদের টার্গেট করেই বিদেশি নকল মদ তৈরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নতুনহাট ব্র্যাক অফিসের পাশের তিনতলা একটি বাসা থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় প্রায় ১০০ লিটার বিদেশি মদ ও প্রায় ২ হাজার লিটার জাওয়া ও মদ তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন, রুপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিক জাভেফ জাফর ও বাসা মালিক মো. উজ্জ্বল।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী( খ) সার্কেলের পরিদর্শক আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চক্রটি দেশি-বিদেশি মদ তৈরি করে গ্রীন সিটি এলাকায় বিক্রি করে আসছিলেন৷ পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।