
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে এসে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জেল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে সড়কের ওপর থেকে জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কারাগারের কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের ওপর থেকে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি কারাগার লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ আগস্ট দুপুরে কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক ভেঙে ১০৫ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ওই সময় কারাগারের ভেতরে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কারাগারের নিয়ন্ত্রণ নেন। এ ঘটনায় কারাগারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর প্রায় দুই বছর পর আবারও কুষ্টিয়া জেলা কারাগার লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় কারাগার ও আশপাশের এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।