
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার ব্যবধানে এবার কারাগারের আবাসিক কোয়ার্টারে ককটেলসদৃশ বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে পৃথক দুটি স্থানে এ ধরনের বিস্ফোরণের ঘটনায় কারাগার এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে জেলখানা মোড় থেকে কালিশংকপুর কদমতলা মোড়গামী সড়কের বাম পাশে জেলা কারাগারের সীমানাপ্রাচীরের ভেতরে অবস্থিত আবাসিক কোয়ার্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এর আগে একই দিন ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের (আরপি) সামনে একটি ককটেল বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো. শরিফুল আলম জানান, বিকেলে তাঁরা একটি বিকট শব্দ শুনতে পান। পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন, কালিশংকপুর মোড়ের দিকে অবস্থিত কারাগারের আবাসিক কোয়ার্টারের টিনের চালের ওপর একটি বিস্ফোরণ ঘটেছে। গাছপালার পাতা ও ডালপালার সঙ্গে বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে টেপ দিয়ে মোড়ানো প্লাস্টিকের বস্তুর সঙ্গে থাকা একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ বিভিন্নভাবে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, গাছের ডালপালা ও পাতার সঙ্গে বিস্ফোরণ ঘটায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।