
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বরখাস্তকৃতরা হলেন— সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, একই বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুযায়ী তাদের সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।
এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে কমিটির আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলাকে সদস্য-সচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান।কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।