Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বেতনসংক্রান্ত বিরোধ ও অন্য বিভাগে বদলির জের ধরে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া লুনাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের কক্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফজলু নামের এক কর্মচারী হঠাৎ করে চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর অভিযুক্ত ফজলু নিজ গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম জানান, আহত ফজলুর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

    ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

    পুলিশ জানায়, প্রাথমিকভাবে বেতনসংক্রান্ত জটিলতা ও বদলির বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

    Spread the love