Pathikrit Most Popular Online NewsPaper

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, হারুন অর রশীদঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও বাধার মুখে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে দেখা যায় বলে জানিয়েছে বিজিবি।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১৫৩/৯-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও দুই নারীসহ মোট চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেন। বিজিবির প্রতিরোধের মুখে বিএসএফের ওই চেষ্টা সফল হয়নি।

পরে সকাল ৮টার দিকে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে দেখা যায়। বিজিবির তৎপরতায় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।

সীমান্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং জোরপূর্বক লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

তবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা ওই চারজনের পরিচয়, নাগরিকত্ব এবং কী কারণে তাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।