
নিজস্ব প্রতিবেদক:
“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা হ্রাসে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়ার প্রতীতি বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), কুষ্টিয়া সার্কেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতীতি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ অহিদুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, শিক্ষার্থীদের মধ্যেও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্ম যদি ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”
স্বাগত বক্তব্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই সচেতন নাগরিক তৈরি হবে, যারা অন্যদেরও ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করবে। মোটরসাইকেল চালক ও আরোহীদের অবশ্যই হেলমেট ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা এবং রাস্তা পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ।
এ সময় বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।