Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক:

    কুষ্টিয়ায় হঠাৎ করেই তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে জেলা শহরসহ আশপাশ এলাকার প্রায় সব ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহ বন্ধ রয়েছে। এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।

    সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও খালি হাতে ফিরতে দেখা গেছে অনেককে। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাননি। এতে চালকদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

    অকটেন নিতে আসা মোটরসাইকেল চালক আবু সাঈদ জানান, ভোর থেকে তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থাকলেও পাম্পে তেল পাওয়া যাচ্ছে না। এমনিতেই একবারে ২০০–৩০০ টাকার বেশি তেল দেওয়া হয় না, তার ওপর আজ পুরোপুরি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। তাঁর মতো শত শত মানুষ তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

    একই ধরনের অভিজ্ঞতার কথা জানান শহরের বিত্তিপাড়া এলাকার বাসিন্দা রাসেল হাসান। তিনি বলেন, “তেল নিতে এলেই প্রায় সারাদিন লেগে যায়। সব কাজ ফেলে এসে যদি তেলই না পাওয়া যায়, তাহলে পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়ে।” তিনি এ সংকটের পেছনে সমন্বয়হীনতা বা কোনো সিন্ডিকেটের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও অভিযোগ করেন।

    এ বিষয়ে পাম্প মালিকেরা জানিয়েছেন, তাঁদের কাছে পর্যাপ্ত জ্বালানি না থাকায় সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। কুষ্টিয়া তেল পাম্প মালিক সমিতির সভাপতি আখতারুজ্জামান বলেন, “প্রতিদিন নিয়মিত তেল সরবরাহ করা হলেও আজ খুলনা ডিপো থেকে পেট্রোল ও অকটেন না আসায় বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয়েছি।” তিনি আশা প্রকাশ করেন, আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

    হঠাৎ এই জ্বালানি সংকটে জনজীবনে অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে যানবাহনের ওপর নির্ভরশীল মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

    Spread the love