Pathikrit Most Popular Online NewsPaper

অভিযুক্ত বশির উদ্দিন এর ফাইল ছবি

আশরাফুল আলমঃ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন হরিনারায়ণপুরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ফাইভ স্টার ইটভাটার মালিক ও হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বশির উদ্দিনের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বশির উদ্দিন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টার দিকে হরিনারায়ণপুর ইউনিয়নের কিত্তিনগর গ্রামের বাসিন্দা বৃষ্টি (ছদ্মনাম) নামের এক গৃহবধূ বাথরুম থেকে ঘরে ফেরেন। এ সময় আগে থেকেই ঘরের ভেতরে লুকিয়ে থাকা বশির উদ্দিন তাঁকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গৃহবধূর চিৎকার শুনে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা তাঁর দুলাভাই ছুটে এসে অভিযুক্তকে বাধা দেন এবং মারধর করেন। একপর্যায়ে বশির উদ্দিন বিবস্ত্র অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে জানা গেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরদিন ১৩ নভেম্বর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এজাহার দায়ের করা হয়।

অভিযুক্ত বশির উদ্দিন কিত্তিনগর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। তিনি স্থানীয় ফাইভ স্টার ইটভাটার মালিক। তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর স্ত্রী ফোন রিসিভ করে জানান, ঘটনার পর থেকে বশির উদ্দিন আর বাড়িতে ফেরেননি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, “এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ মামলার নম্বর ১০, তারিখ ১৪ নভেম্বর ২০২৬। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”