
কুষ্টিয়া প্রতিনিধি:
“ভালোবাসার হাত বাড়াই, মানবতার আলো ছড়াই”—এই স্লোগানকে ধারণ করে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে রাশিদা ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবল উপহার দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঝাউদিয়া ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাশিদা ফাউন্ডেশনের উপদেষ্টা উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাশিদা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাশিদা ফাউন্ডেশনের সভাপতি শাহারিয়া ইমন রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে সহায়তা করে। রাশিদা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাদ আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রাশিদা ফাউন্ডেশনের সদস্য তুহিন ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে ইবি থানা এলাকার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা রাশিদা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রাশিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, সামাজিক মূল্যবোধ সৃষ্টি এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।