
আশরাফুল আলম, শৈলকুপা (ঝিনাইদহ):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলের গাছ ও খেলাধুলার বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার জাঙ্গালিয়া-হামদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ফলের গাছ ও খেলাধুলার বল বিতরণ করা হয়।
তারেক রহমান ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের নির্দেশনায় সাবেক ছাত্রনেতা ও বিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ যুব ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজল কুমার শোভনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, ফলের গাছ রোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি খেলাধুলার সামগ্রী শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।