
কুষ্টিয়া, ১৫ আগস্ট ২০২৬:
সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যতিক্রমী কাজ এবং জনসাধারণকে সড়ক নিরাপত্তায় উদ্বুদ্ধকরণে প্রশংসনীয় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ‘সড়ক যোদ্ধা সম্মাননা স্মারক-২০২৬’ অর্জন করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন।
শনিবার (১৫ আগস্ট) রাতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নিজ কার্যালয়ে এ সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আয়োজিত ৮ আগষ্ট ১১ তম মহাসমাবেশ অনুষ্ঠানে ‘We Demand Safe Road’ স্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে শাহরিয়ার ইমন রুবেলকে ‘সড়ক যোদ্ধা সম্মাননা স্মারক-২০২৬’ প্রদান করা হয়।
সম্মাননা অর্জন করায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহাফুজ উর রহমান, নির্বাহী সদস্য তুহিন আহমেদ, সদস্য নাব্বির আহমেদ খান, মিরাজুল ইসলাম, সাংবাদিক শরিফুল ইসলাম, হাসনাত রাব্বু, এসএম রাসেলসহ নেতৃবৃন্দ শাহরিয়ার ইমন রুবেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক নিরাপত্তায় যারা নিরলসভাবে কাজ করছেন, তাদের এ ধরনের স্বীকৃতি অন্যদেরও উৎসাহিত করবে।
তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ শাহারিয়া ইমন রুবেলের সড়ক নিরাপত্তা কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।