Pathikrit Most Popular Online NewsPaper

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও তাঁর বিরুদ্ধে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন। এ সময় ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তাঁরা। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তাঁর বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক বলে মনে করেন তাঁরা। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাঁদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে শালীন ও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশিত। তাই মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাঁকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।

সমাবেশ থেকে মুফতি আমির হামজার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন নারী নেত্রীরা।

এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্যসচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।